ফাঁস প্রশ্নে নিয়োগ প্রমাণ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: জনপ্রশাসনমন্ত্রী

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন বিপিএসসি থেকে ফাঁস হওয়া প্রশ্নে কর্মকর্তাদের নিয়োগ পাওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফাঁস করা প্রশ্নে ক্যাডার সার্ভিসে যারা নিয়োগ পেয়েছেন তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না- জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী বলেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা তাদের নিজস্ব চিন্তা-ভাবনা থেকে কাজ করবে। সংসদে তাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা ব্যবস্থা নেবেন বলে এরই মধ্যে চেয়ারম্যান সাহেব বলেছেন। বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং তার জন্য প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, এটি খুবই শক্তভাবে সরকার দেখছে। ‌সিআইডি বিষয়টির ওপর স্পেশাল ফোকাস দিয়েছে।

সুনির্দিষ্টভাবে নাম এলে ফাঁস হওয়া প্রশ্নে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না- জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, অবশ্যই আইনানুগভাবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের চাকরিবিধি যেটি আছে, যদি সেটি কেউ ভঙ্গ করে, শঠতা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে আসতে হবে।‌ পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে। সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কি না- তার একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু সবার মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। আমরা গভীর মনোযোগের সঙ্গে বিষয়টি দেখছি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top