ছাত্রলীগের বিরুদ্ধে ইডেনের শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে মারধরের অভিযোগ

রাজধানীর ইডেন মহিলা কলেজে কোটা সংস্কারে এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে ইডেন কলেজের বকুলতলায় এ ঘটনা ঘটে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিতে ইডেন কলেজের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ইডেন কলেজের শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেন এবং মারধর করেন। এতে সুমিসহ কয়েকজন আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থী সায়মা আফরোজ, শাহিনুর সুমি, সুমাইয়া সাইনা, সানজিদা হক ও স্কাইয়া ইসলামসহ ১০ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ঢামেকের জরুরি বিভাগে আহত সুমির চিকিৎসা চলছে ।

ভুক্তভোগীরা জানান, হামলার নেতৃত্বে ছিলেন—ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, ছাত্রলীগ নেত্রী আয়শা ইসলাম মীম, কল্পনা ও জেরিন আক্তারসহ ৪০-৫০ জন নেতা-কর্মী।

আহত সায়মা আফরোজ বলেন, শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে যেতে না পারে সে জন্য ছাত্রলীগ হলে হলে বাধা দেয়। পরে শিক্ষার্থীদের মিছিল নিয়ে বের করি। এ সময় বকুলতলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। হামলা করার পরেও আমরা দমে যাইনি।’

এ বিষয়ে জানতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগমকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে রয়েছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top