বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সোয়াল

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সে দেশের (বাংলাদেশ) অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির আশা, বাংলাদেশে খুব শিগগিরই শান্তি ফিরে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন।

গত সপ্তাহের ব্রিফিংয়েও বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল। সেবারও বলা হয়েছিল, বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় – এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অথবা অন্য কেউ বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন কি না। কিংবা সেই আন্দোলনে বাইরের হাত থাকার কোনো রিপোর্ট ভারতের কাছে আছে কি না। আন্দোলনকারীদের মুখে ভারতবিরোধী স্লোগান শোনা গেছে জানিয়ে জিজ্ঞেস করা হয়, সে দেশের জনগণের একাংশের বিরোধিতায় ভারত উদ্বিগ্ন কি না।

রণধীর জয়সোয়াল এসব প্রশ্নের জবাব সন্তর্পণে এড়িয়ে গেছেন। আন্দোলন বা আন্দোলনের চরিত্র নিয়ে কোনো মন্তব্য করেননি। বারবার তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই দৃঢ়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ।

আন্দোলন চলাকালীন সে দেশে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী ও অন্যদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রভূত সাহায্য ও সহযোগিতার উল্লেখ করে মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৬ হাজার ৭০০–এর বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। তিনি জানান, নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশন ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে। তিনি বলেন, সে দেশের ঘটনাবলির দিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। তবে সেখানে যা চলছে, তা সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের আশা, খুব শিগগির বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top