২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিনিধি:

জুলাইয়ের গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আবেদন বর্তমানে পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি জানান, প্রত্যর্পণের অনুরোধটি ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে এবং পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখা হচ্ছে।

ভারত আরও জানায়, ২০২৫ সালে প্রথমবারের মতো এ ধরনের আনুষ্ঠানিক আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। এরপর থেকে ধাপে ধাপে দেশের আইনগত ও বিচারিক কাঠামোর মধ্যেই বিষয়টি পর্যালোচনা চলছে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য সংবেদনশীল হলেও দিল্লি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দিয়েছে।

রণধীর জয়সওয়াল আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়াতে উভয় দেশ আনুষ্ঠানিক প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top