৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

মমতার পদত্যাগ না করায় পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করায় নতুন করে সাংবিধানিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

নির্বাচনে ভরাডুবির পরও পরাজয় মেনে নিতে নারাজ মমতা। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্বেচ্ছায় পদত্যাগ করবেন না। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তারা আমাকে বরখাস্ত করুক। আমি চাই আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক। রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক, সব রেকর্ড থাকুক।”

ভারতীয় সংবিধান অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টার পর বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তবে নতুন সরকার শপথ নেওয়ার কথা আগামী ৯ মে। ফলে মাঝখানের সময়টিতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাধারণত নির্বাচনে পরাজয়ের পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত ‘কেয়ারটেকার’ সরকার হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু এবার সেই প্রচলিত রীতি অনুসরণ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞদের মতে, সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হলে বিদায়ী মন্ত্রিসভা আর ক্ষমতায় থাকতে পারে না। তাই সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৩টি আসনের গেজেট নোটিফিকেশন রাজ্যপালের কাছে হস্তান্তর করেছে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের আমন্ত্রণ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলটি জানিয়েছে, আগামী ৯ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

প্রবীণ আইনজীবী হরিশ সালভে বলেছেন, রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন। পদত্যাগের পর নতুন সরকার গঠন পর্যন্ত তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে। তবে সেই ব্যবস্থার মধ্যেও অল্প সময়ের জন্য রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন দেখা দিতে পারে বলে তিনি মত দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top