আন্তর্জাতিক ডেস্ক:
তামিলনাড়ু-তে দীর্ঘ রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়-এর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে দলটি।
শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-এর সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসছেন বিজয়। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন।
সূত্র জানিয়েছে, কংগ্রেস-এর ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএম-এর ২ জন করে মোট ৬ বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির মোট সমর্থন দাঁড়িয়েছে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সীমা অতিক্রম করেছে।
এর আগে বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে তখন গভর্নর দাবি করেছিলেন, টিভিকের হাতে পর্যাপ্ত সমর্থন নেই।
গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে চমক দেখায় টিভিকে। নির্বাচনে অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে এবং এআইএডিএমকে-এর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয়।
তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বৃহস্পতিবারের বৈঠকে গভর্নর বিজয়কে প্রশ্ন করেছিলেন, মাত্র ১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবেন এবং কোন কোন দল তাকে সমর্থন দেবে।
এরপর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে জোট গঠন ও সমর্থন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শুরুতেই কংগ্রেস টিভিকেকে সমর্থনের ঘোষণা দিলেও শর্ত দেয়, বিজেপির মতো ‘সাম্প্রদায়িক শক্তির’ সঙ্গে কোনো জোট করা যাবে না।
সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভিসিকে ও দুই বাম দলের অবস্থান, কারণ নির্বাচনের আগে তারা ডিএমকের জোটে ছিল। শেষ পর্যন্ত তাদের সমর্থন নিশ্চিত হওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।