ওমানে গাড়ির ভেতর মিলল চার ভাইয়ের মরদেহ, শোকে স্তব্ধ চট্টগ্রামের পরিবার

নিজস্ব প্রতিনিধি:

যে বাড়িতে কয়েকদিন পর বিয়ের আনন্দে মুখর হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধু আহাজারি আর শোকের মাতম। ওমানে একসঙ্গে চার সহোদর ভাইয়ের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি পরিবার।

বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার বাসিন্দা রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ওমানে অবস্থানরত তাদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে দেশে এ মর্মান্তিক খবর পৌঁছায়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন চার ভাই। এর মধ্যে এক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় পরিবারে চলছিল উৎসবের প্রস্তুতি। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ৮টার দিকে একটি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এতে এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে ওমান পুলিশ।

বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে। সেগুলো মাস্কাটে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top