নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ রোববার (১৭ মে) ২৭ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে।
ঈদ উপলক্ষে ধাপে ধাপে আগাম টিকিট বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর আগে ২৩ থেকে ২৬ মে পর্যন্ত যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী বিক্রি করা হয়েছে।
টিকিট কেনার ক্ষেত্রে কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী একবারের বেশি অগ্রিম টিকিট কিনতে পারবেন না এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। এছাড়া কেনা টিকিট ফেরত দেওয়ারও সুযোগ রাখা হয়নি।
রেলওয়ে আরও জানিয়েছে, যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।