১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গঙ্গায় খাবারের বর্জ্য ফেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, ৮ জনকে জামিন দিল হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের গঙ্গা নদীতে ইফতার পার্টির পর খাবারের অবশিষ্টাংশ ফেলার ঘটনাকে কেন্দ্র করে করা মামলায় আটজন অভিযুক্তকে জামিন দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, গঙ্গা নদীতে আমিষ খাবারের বর্জ্য ফেলা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

গত শুক্রবার মামলার শুনানিতে আদালতের পৃথক বেঞ্চ আটজন অভিযুক্তের জামিন মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, বারাণসীতে গঙ্গা নদীর ওপর একটি নৌকায় আয়োজিত ইফতার অনুষ্ঠানের পর খাবারের বর্জ্য নদীতে ফেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ রমজান মাসে গঙ্গা নদীতে নৌকায় ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা খাবার গ্রহণের পর অবশিষ্টাংশ নদীতে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় স্থানীয় এক রাজনৈতিক নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে এবং কয়েকজনকে গ্রেফতার করে।

এর আগে নিম্ন আদালত সামাজিক সম্প্রীতির বিষয় উল্লেখ করে তাদের জামিন আবেদন নাকচ করেছিল। তবে হাইকোর্ট শুনানিতে বিবেচনায় নেয় যে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন, তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই এবং তারা ঘটনার জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

আদালত আরও উল্লেখ করেন, অভিযুক্তদের পরিবারও অনুশোচনা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top