আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত নতুন হামলা আপাতত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যায়ের আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমঝোতার সম্ভাবনাও তৈরি হয়েছে।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এমন একটি সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানান, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
তবে সম্ভাব্য চুক্তি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সতর্ক করেন ট্রাম্প। এর জবাবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ওয়াশিংটনকে ‘কৌশলগত ভুল’ না করার আহ্বান জানিয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে, নতুন সংঘাত শুরু হলে জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়তে পারে।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, অতীতেও কয়েকবার আলোচনার অগ্রগতি হলেও শেষ মুহূর্তে তা ভেঙে গেছে। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন এবং সমঝোতার সম্ভাবনা ভালো বলেই মনে করছেন তিনি।
এদিকে ইরান এখনো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে যাওয়ায়, চলমান উত্তেজনার প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে।