আন্তর্জাতিক ডেস্ক:
ভারত সরকার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। নতুন বিধান অনুযায়ী, আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নির্দিষ্ট ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে নতুন একটি অনুচ্ছেদ সংযোজন করেছে। এ বিষয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান আবেদনকারীদের জানাতে হবে তাদের কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কি না। যদি পাসপোর্ট থাকে, তবে তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদসহ বিস্তারিত তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
এছাড়া আবেদনকারীকে লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট ডাক বিভাগের নির্ধারিত কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
সংশোধিত বিধি অনুযায়ী, নতুন এই নিয়ম মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এর আগে ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করা হয়। ওই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে প্রতিবেশী তিন দেশ থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়েছিল। নতুন এই সংশোধন সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।