হরমুজের কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ, কারণ জানালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা ইরানের কেশম দ্বীপে মঙ্গলবার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এটি কোনো নতুন হামলার ঘটনা নয় বলে জানিয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দ্বীপে আগে থেকে উদ্ধার হওয়া শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় করার সময় এই বিস্ফোরণের শব্দ সৃষ্টি হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এর আগে কয়েকটি সংবাদমাধ্যম বিস্ফোরণের খবর প্রকাশ করলেও শুরুতে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ফলে এলাকায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে শুরু হওয়া উত্তেজনার পর অঞ্চলটিতে পরিস্থিতি বেশ অস্থির রয়েছে। এর মধ্যেই সাম্প্রতিক এই বিস্ফোরণের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দেয়।

এদিকে, এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব পাওয়ার পর পরিকল্পিত বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এ বিষয়ে সামরিক প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top