নতুন সংঘাত শুরু হলে ‘বড় ধাক্কা’ অপেক্ষা করছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে পুনরায় সংঘাত শুরু হলে শত্রুপক্ষকে নতুন ও অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। এমন সময়ে এই হুঁশিয়ারি এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে একটি সমঝোতায় পৌঁছাতে দুই থেকে তিন দিনের সময়সীমা দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আগের চেয়ে আরও ভিন্ন এবং বিস্ময়কর হতে পারে।

তিনি দাবি করেন, মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে যুদ্ধবিমান ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে এবং ইরানি বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা ও কৌশলগত সক্ষমতা ভবিষ্যৎ সংঘাতে নতুন মাত্রা যোগ করবে।

ইরান আরও ইঙ্গিত দিয়েছে, নতুন করে হামলা হলে তারা নতুন ফ্রন্ট খুলতে পারে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এদিকে অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। পাশাপাশি গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এতে এ পর্যন্ত আটক নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ৬১টিতে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top