৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪

নিজস্ব প্রতিনিধি:

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। দলটির দাবি, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব। আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় গাড়িবহরে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন।

ঘটনার পরপরই হামলাকারীদের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সীমান্ত এলাকায় জোরপূর্বক পুশ-ইনের অভিযোগ পাওয়া কিছু পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি পরিদর্শনের জন্য তারা সেখানে গিয়েছিলেন।

তিনি দাবি করেন, তাদের সফরের খবর পাওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ আগের রাতে সীমান্ত এলাকায় অবস্থানরত পরিবারগুলোকে সরিয়ে নেয়। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, হামলায় গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং চারজন আহত হয়েছেন। তবে দলের অন্য সদস্যরা নিরাপদে আছেন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top