২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অনলাইন জুয়ার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি গৃহবধূ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে অনলাইন জুয়ার জন্য টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ইভা আক্তার (২০) রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামের ইউনুস আলী মোল্লার মেয়ে। অভিযুক্ত স্বামী সোহেল শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের নোবিয়াল শেখের ছেলে। প্রায় সাত থেকে আট মাস আগে তাদের বিয়ে হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুন রাতে সোহেল শেখ তার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার হাত বেঁধে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে বাড়ির অন্যান্য সদস্যদের উপস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

ভুক্তভোগীর পরিবারের দাবি, ওই ঘটনায় স্বামী সোহেল শেখ, শ্বশুর নোবিয়াল শেখ ও শাশুড়িও নির্যাতনে অংশ নেন। পরে গুরুতর আহত অবস্থায় ইভাকে তার বাবা নিজ বাড়িতে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, এরপরও অভিযুক্তরা লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে পুনরায় হামলা চালিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।
বর্তমানে ইভা আক্তার রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন বলে পরিবার জানিয়েছে।

ভুক্তভোগীর বাবা ইউনুস আলী মোল্লা বলেন, “মেয়ের বিয়ের সময় গরু-ছাগল বিক্রি করে প্রায় চার লাখ টাকা ব্যয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার দিয়েছিলাম। পরে জানতে পারি, জামাই অনলাইন জুয়া ও মাদকাসক্তির সঙ্গে জড়িত। মেয়ের সব স্বর্ণালঙ্কার বিক্রি করে জুয়ায় হারিয়েছে। প্রায়ই মেয়ের কাছে টাকা চাইত। টাকা দিতে না পারলেই নির্যাতন করত।”

তিনি আরও বলেন, মেয়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, অভিযোগগুলো ভুক্তভোগী পরিবার ও স্বজনদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top