বার্সেলোনার সঙ্গে ২০৩১ পর্যন্ত নতুন চুক্তি লামিন ইয়ামালের, বছরে আয় ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লামিন ইয়ামাল। সদ্যসমাপ্ত মৌসুমে ঘরোয়া সব শিরোপা জয়ে বড় অবদান রাখার পর এবার কাতালান ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদী ও আর্থিকভাবে লাভজনক চুক্তি করেছেন এই তরুণ উইঙ্গার।

ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইয়ামাল বার্সেলোনার সঙ্গে নতুন যে চুক্তি করেছেন, তাতে ২০৩১ সাল পর্যন্ত তিনি ক্লাবে থাকবেন। নতুন এই চুক্তিতে তার সপ্তাহিক বেতন দাঁড়াচ্ছে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড, অর্থাৎ বছরে প্রায় ১৫ মিলিয়ন ইউরো—যা বোনাসসহ ২০ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

বেইন স্পোর্টস জানিয়েছে, এই বেতনের কারণে ইয়ামাল এখন বার্সেলোনার শীর্ষ উপার্জনকারী খেলোয়াড়দের একজন। তার বয়স বিবেচনায়, বর্তমান যুগে এত কম বয়সে এমন বেতন পাওয়া খেলোয়াড়ের উদাহরণ বিশ্ব ফুটবলে বিরল।

এছাড়াও, ইয়ামালের চুক্তিতে একটি বিশাল ১ বিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রাখা হয়েছে—যা প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এতে স্পষ্ট বোঝা যায়, ক্লাব তাকে ধরে রাখতে কতটা আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ।

এই মৌসুমে হানসি ফ্লিকের অধীনে ইয়ামাল লা লিগা এবং কোপা দেল রে জয়ে বড় ভূমিকা রেখেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮টি গোল এবং ২৫টি অ্যাসিস্ট।

এই অসাধারণ পারফরম্যান্সের কারণে ক্লাব কর্তৃপক্ষ চাইছে, ভবিষ্যতে দলকে নেতৃত্ব দিন ইয়ামাল। এমনকি আনসু ফাতি ক্লাব ছাড়লে ইয়ামাল পেতে পারেন বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি—যা এক সময় রোনালদিনহো এবং লিওনেল মেসির গায়ে দেখা গেছে।

বার্সেলোনার সমর্থকরা ইতিমধ্যেই ইয়ামালের এই চুক্তিকে ক্লাবের ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ হিসেবে দেখছেন।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top