১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভবন ধসে মিশরের সাইয়্যেদা জয়নাবে চরম আতঙ্ক, চলছে উদ্ধার অভিযান

জাহেদুল ইসলাম আল রাইয়ান, মিশর প্রতিনিধি:

মিশরের রাজধানী কায়রোর সাইয়্যেদা জয়নাব এলাকায় রাত একটার দিকে একটি পুরোনো পাঁচতলা আবাসিক ভবন আকস্মিকভাবে ধসে পড়ে। পূর্ব কোনো সতর্ক সংকেত বা কাঠামোগত ত্রুটির প্রকাশ না থাকায় এ ধস স্থানীয় বাসিন্দাদের মধ্যে মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত গভীর হলেও ওই ভবনে তখনও বেশ কয়েকটি পরিবার ঘুমিয়ে ছিল।

ভবনটি ধসে পড়ার সাথে সাথেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। মুহূর্তের মধ্যেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কেউ কেউ নিজের হাতে ইট-পাথর সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স ও দমকল বাহিনী। আধুনিক যন্ত্রপাতি নিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। কর্মকর্তারা জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে জনতার ভিড়, আতঙ্ক আর স্বজন হারানোর কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ। উদ্ধার অভিযানের অগ্রগতি ধীর হলেও ধাপে ধাপে কংক্রিটের স্তূপ সরিয়ে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন নিহত কিংবা আহত হয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ভবন ধসের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনটি ছিল অত্যন্ত পুরোনো ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top