ইরানে হামলা চালিয়ে ইসরাইল মারাত্মক ভুল করেছে, এখনো শাস্তি সম্পূর্ণ হয়নি: মোহসেন রেজাই

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে হামলা চালিয়ে ইসরাইল বড় ধরনের ভুল করেছে এবং এখন তারা নিজেরাই একটি ভয়াবহ সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান ও এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই। মঙ্গলবার মেহের নিউজকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মোহসেন রেজাই বলেন, “ইসরাইল মনে করেছিল কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করলেই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটেছে। সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের সামরিক কার্যক্রম আরও জোরদারভাবে এগিয়ে চলেছে।”

তিনি আরও বলেন, “ইসরাইলি নেতৃত্ব তাদের সাইবার ক্ষমতা, আকাশ প্রতিরক্ষা ‘আয়রন ডোম’, এমনকি ইরানে অনুপ্রবেশের ওপরও অন্ধ বিশ্বাস করেছিল। তারা ভেবেছিল (ইসমাইল) হানিয়া ও বিজ্ঞানীদের হত্যা তাদের পথ সহজ করে দেবে। বাস্তবে দেখা গেল, ইরানি বাহিনী তাদের সেই ভ্রান্ত বিশ্বাস চূর্ণ করে দিয়েছে।”

রেজাই দাবি করেন, বর্তমানে ইসরাইল যুদ্ধক্ষেত্রে চাপে রয়েছে এবং এর নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তা চেয়েছে বা অন্তত যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, “এই যুদ্ধে আমাদের কৌশলগত অগ্রাধিকার রয়েছে। তবে ইসরাইলের বিরুদ্ধে শাস্তি এখনো সম্পূর্ণ প্রয়োগ করা হয়নি। পরবর্তী হামলাগুলো আরও শক্তিশালী হবে, যাতে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। জবাবে ইরানও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। দুই পক্ষের সংঘাতে এখন পর্যন্ত বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top