ইরানের পাশে রাশিয়া, মার্কিন হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন বিরোধী। রবিবার (২৩ জুন) ক্রেমলিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। পুতিন জানান, ইরানি জনগণকে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে।

আরাগচি পুতিনের অবস্থানের প্রশংসা করে বলেন, “রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে।” এ সময় তিনি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ইরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করে। আল-জাজিরার বরাতে জানা যায়, এক বিবৃতিতে রাশিয়া জানায়, “যে যুক্তিই দেওয়া হোক না কেন, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে এই ধরনের সামরিক অভিযান জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।”

রাশিয়া আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, “এখনই রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরে আসার উপযুক্ত সময় এবং তার জন্য সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”

রাশিয়ায় পৌঁছানোর আগে তুরস্কের ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, “রাশিয়া আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও কৌশলগত অংশীদার। আমরা সবসময় পরস্পরের সঙ্গে পরামর্শ করি।”

প্রসঙ্গত, রাশিয়া ও ইরান চলতি বছরের জানুয়ারিতে একটি বিস্তৃত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়। তবে ওই চুক্তিতে কোনো সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা রাখা হয়নি।

বর্তমান উত্তেজনা পরিস্থিতিতে মস্কোর প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্য সংকটে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থানকে আরও সুদৃঢ় করল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top