২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আবরার ফাহাদকে মেরেছে শিবির, দাবি করেছেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি দাবি করেছেন, আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের পরিচয় গোপন রেখে ছাত্রশিবিরের ‘হেলমেট বাহিনী’ সক্রিয় ছিল। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকেও ওই বাহিনী হত্যা করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বেসরকারি এক টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নিলুফার চৌধুরী মনি বলেন, বর্তমান সরকার শুরুতে মানুষকে এনজিওগ্রাম সরকারের ধারণা দিয়েছিল। কিন্তু এখন সেটি রূপ নিয়েছে জামায়াত পরিবেষ্টিত আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকারে। তাঁর মতে, এই সরকারের চারপাশ ঘিরে আছে জামায়াত এবং তাদের কার্যক্রম।

তিনি আরও বলেন, জামায়াতের চাঁদাবাজির ধরন অনেকটা হেলমেট পরিহিত শিবির কর্মীদের মতো। আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম, কিন্তু আসলে তারা ছিল না। প্রকৃতপক্ষে শিবিরই ছাত্রলীগের ছদ্মবেশে এ ধরনের কাজ করেছে।

আবরার হত্যার প্রসঙ্গ টেনে নিলুফার চৌধুরী মনি বলেন, “আমি যদি প্রমাণ দিই— আবরারকে যারা হত্যা করেছে, তাদের আসামিদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছেন তিনি শিশির মনি। এটিই প্রমাণ করে আসলে হত্যাকারীরা কারা।”

তিনি বলেন, আসামিদের উকিল হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। আবরারকে হত্যা করেছে শিবির বাহিনী, যাদেরকে হেলমেট বাহিনী বলা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের ১৬ মার্চ হাইকোর্টও রায় বহাল রাখে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top