২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোনো ভিপির কি এ ধরনের জরিমানা করার এখতিয়ার রয়েছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি:

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রনেতার দোকানিকে জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানতে চান, কোনো ভিপির কি এ ধরনের জরিমানা করার এখতিয়ার রয়েছে?

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ৭ নভেম্বর প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ঘটনাটি ঘটে গত ১২ সেপ্টেম্বর, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক এক দোকানে টেস্টিং সল্ট (এমএসজি) বিক্রি করার অভিযোগে দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন। প্রথমে দোকানদার অভিযোগ অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন এবং ভিপির উপস্থিতিতে একটি লিখিত চুক্তিনামায় স্বাক্ষর করেন। চুক্তিতে উল্লেখ ছিল, তিন দিনের মধ্যে জরিমানা না দিলে দোকানের চুক্তি বাতিলের সুপারিশ করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো ছাত্রনেতার জরিমানা করার ক্ষমতা নেই।

রিজভী বলেন, “একজন ভিপি নির্বাচিত হয়েছেন, কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের দোকান বা বাজারের বিষয়টি দেখার দায়িত্ব প্রশাসনের। ছাত্রনেতারা শুধু অভিযোগ করতে পারেন, কিন্তু জরিমানা করার এখতিয়ার তাদের নেই। অথচ জরিমানার টাকা জামায়াতের বায়তুল মালে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দলের পক্ষ থেকে লোহার খাট দেওয়া হচ্ছে, যা কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব নয়। ছাত্রদের সমস্যা থাকলে আন্দোলনের মাধ্যমে প্রশাসনের কাছ থেকে সমাধান আদায় করতে হবে। কিন্তু এভাবে খাট বা ডাইনিং টেবিল দেওয়া রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। বিশ্ববিদ্যালয়ের হলগুলো কোনো এতিমখানা নয় যে এভাবে আসবাবপত্র সরবরাহ করা হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top