২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিনটি মামলা, আসামি হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় অজ্ঞাতনামা হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা হয়েছে গুইমারা থানায় এবং একটি মামলা দায়ের হয়েছে খাগড়াছড়ি সদর থানায়।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো হয়। এ সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে ধানক্ষেত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলায় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও আড়াইশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা না করায় গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ২৭ সেপ্টেম্বর জেলা সদরের মহাজনপাড়া, স্বনির্ভর এলাকা ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় সাত থেকে আটশ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্ম ছাত্র-জনতা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ওই ঘটনার পর থেকেই খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তিন সদস্যের চিকিৎসক দলের প্রতিবেদনে কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top