২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ বার্তা পাঠাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি ইসলামাবাদ সফরে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পের কাছে তেহরানের ‘রেড লাইন’ সংবলিত বার্তা পৌঁছে দিয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লিখিত বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের অবস্থান জানানো হয়। ওই বার্তায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো—ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী।

তবে এ বার্তা বিনিময় কোনো আনুষ্ঠানিক আলোচনার অংশ ছিল না। বরং আঞ্চলিক পরিস্থিতি স্পষ্ট করা এবং তেহরানের অবস্থান সরাসরি তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফর করেন আব্বাস আরাগচি। এর আগে শুক্রবারও তিনি পাকিস্তান সফর করেছিলেন। মাঝপথে ওমানে সংক্ষিপ্ত যাত্রাবিরতিও করেন তিনি।

ঘটনার পটভূমিতে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরানসহ ইরানের কয়েকটি শহরে হামলা চালায়। এতে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, কয়েকজন সিনিয়র কমান্ডার এবং বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করা হয়েছে।

এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আরও কঠোর করে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে বাধা দেয়।

পরবর্তীতে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে। এর ফলে ইরানের বন্দর থেকে যাওয়া-আসা করা জাহাজ চলাচল ব্যাহত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top